মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

কেউ তো জানতে চায়নি

 “কেউ তো জানতে চায়নি”


কেউ কেন জানতে চায়নি কখনও কবিতার শিরোনামে
‘ছুতার’ শব্দটি কার কথা বলে ! অনুবাদে যিশু হয়ে গেল !
মেরি ম্যাগডালেন তুমি তো লুকিয়ে আছো শুভাদেবী হয়ে
কাঁধে ক্রুশকাঠ নিয়ে যিশু যতক্ষণ হেঁটেছেন, তুমি ছিলে
তাঁর সঙ্গে ; অপরিসীম প্যাশন আমাকে বাল্যের স্কুলে
বলেছিলেন ফাদার হিলম্যান, সংলগ্ন গির্জায় বাইবেল ক্লাসে--
শুনে, আমার অদম্য বিচলন রয়ে গেছে রক্তের বুদ্বুদে
কবিতায় দুইটি প্যাশন নিয়ে যে জাল বুনেছিলুম তা কেউ
ধরতে পারেনি, এক মাস ঠায় নব্বুই লাইনের কবিতায়
যিশু হয়ে ক্রুসবিদ্ধ হবার জন্য চলেছি সারাটা জীবন
হে মেরি ম্যাগডালেন যৌবনের উদ্বেল প্রেমিকা শুভা
তোমার জাগতিক মৃত্যুর খবর এলো আজই ভোরবেলা
আমার ক্রুসকাঠের মতো তুমিও অমর একটি কবিতায়

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

আদিখ্যেতা

 

আদিখ্যেতা


মৃত্যু নিয়ে আমার কোনো টেঁটিয়াপনা নেই--

হাতকড়া-দড়ি নিয়ে এসে বলবে, ‘টাইম আপ, চল’

আমি রেডি, যখনই যেতে বলবে ওর সঙ্গে, আমি রেডি--

তবে হ্যাঁ, ধরে নিয়ে গিয়ে হাসপাতালের বিছানায় আটকে

দেয়া চলবে না ; নাকে-মুখে নানা-কিসিমের নল গুঁজে

শুয়ে থাকতে পারব না, টাইম হয়েছে, ব্যাস, চলো

নাচতে গাইতে চলো হিপহপ সুরে লালন হাছন রাজা

যার গান ইচ্ছে চিড়ধরা গলা হেঁকে গাও, তবে হ্যাঁ,

বলো হরি হরি বোল চেল্লায় যদি কেউ-কেউ

তাদেরও নাচতে-নাচতে গাইতে-গাইতে চেল্লাতে হবে--

নয়তো ফুটে পড়ো, নিজের মড়াকে হরিবোল দিও


 

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

অন্ধকাররূপেণ সংস্হিতা

 

অন্ধকাররূপেণ সংস্হিতা

মলয় রায়চৌধুরী

নেমে পড়ো, বুকের ওপর থেকে নেমে পড়ো

ঢাকতে পারোনি ভালো করে ; সবই দেখতে পাচ্ছি

যাদের মুণ্ডু কেটে ঝুলিয়েছ তারাও দেখছে মিটিমিটি

ওরা সেই অজর-অমর অধ্যাপক চোখেতে পিচুটি নাকে পোঁটা

যৌনতা ছাড়া আর কিছুই পায় না দেখতে আমার কবিতায়

ওদের মগজে ভরা শুক্রকীট আর হৃদয়ে লিঙ্গ লাফায়

হে অন্ধকারময়ী এবার বিহিত করো

ওদের বিদ্যায়তনিক মুণ্ডুগুলো কচর-মচর করে খাও

তুমি তো আমার পূর্বপুরুষের জয় কলকাত্তাওয়ালি

পিচুটি-পোঁটা মাস্টার যারা সবকিছুতেই যৌনতা খুঁজে পায় 

তাদের বোবা-কালা-অন্ধ-নুলো করে ছেড়ে দাও

অন্ধকারে, তুমি তো ব্ল্যাকহোলের দেবী, কলকাত্তাওয়ালি



বুধবার, ২১ অক্টোবর, ২০২০

বিষাদ

 

“বিষাদ”

ঠিক কীভাবে যে বিষাদ প্রকাশ করব ভেবে পাচ্ছি না

বিষাদে ভুগছি, বুঝতে পারছি না অন্ত্যমিল দেবো নাকি

মাত্রা গুনে-গুনে লিখতে লিখতে বিষাদকে আনবো ডেকে

পয়ার হলে ভালো হতো বিনয়ের অতিপ্রিয় মিষ্টি পয়ার

তা কি বিষাদে চলবে ? অক্ষরবৃত্ত নাকি মাত্রাবৃত্ত, কোনটা

বিষাদে খাপ খায় ? তার চেয়ে বিষাদকে পুষে রাখি, কেউ

কবিতা চাইলে, রবীন্দ্রনাথের আলখাল্লা পরিয়ে দিয়ে দেবো !

রবিবার, ১১ অক্টোবর, ২০২০

ভালোবাসো

 

ভালোবাসো

ভালোবাসো ভালোবাসো ভালোবাসো

আমাকে গভীরভাবে ভালোবাসো

আরও আরও বেশি ভালোবাসো

ভালোবাসো ভালোবাসো ভালোবাসো

কিন্তু স্পর্শ কোরো না কখনও কোনোদিন

স্পর্শ করলেই ভালোবাসা সংসারের আবর্তে পড়ে যাবে

স্পর্শ করলেই প্রেম ফাঁসির রশি হয়ে যাবে

তাই শুধু ভালোবাসো গভীরভাবে ভালোবাসো